রামগঞ্জে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভয়াবহ লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার আলীপুর-কচুয়া সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। তাঁরা সড়কের ১৫টি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন।স্থানীয় সূত্র জানায়, সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় এলাকাবাসী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের (জিএম) ও রামগঞ্জ উপজেলা ডিজিএমের কুশপুত্তলিকা দাহ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ আলম ছিদ্দিক, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ, রামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন ঘটনাস্থলে যান। তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বেলা একটার দিকে অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে রামগঞ্জ-চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, নোয়াখালীগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় রাস্তার দুই দিকে শত শত গাড়ি আটকা পড়ে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন থেকে ভয়াবহ লোডশেডিংয়ে উপজেলার মানুষ অতিষ্ঠ। এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম ছিদ্দিক বলেন, ‘আমরা লক্ষ্মীপুরের জিএমসহ বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি যেন অন্য উপজেলার মতো রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।’