রামগঞ্জে বীর প্রতীকের জমি বেদখল, হামলায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর এলাকার টামটা গ্রামের ফখর উদ্দিন গত বৃহস্পতিবার লোকজন নিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সোনা মিয়ার তিন শতক জমি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় সন্ত্রাসীরা ওই জমির ছোট-বড় ৫০টির মতো গাছ কেটে ফেলে। গাছ কাটায় বাধা দেওয়ায় সন্ত্রাসীরা পিটিয়ে পাঁচজনকে আহত করে। আহত ব্যক্তিদের রামগঞ্জ সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টামটা গ্রামের শেখ হোসেনের বাড়ির বীর প্রতীক সুবেদার সোনা মিয়ার ওই জমি দখল করতে কয়েক মাস ধরে একই গ্রামের পাঠানবাড়ির ফখর উদ্দিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের হস্তক্ষেপের কারণে দখলের চেষ্টা ব্যর্থ হয়। বৃহস্পতিবার বিকেলে ফখর উদ্দিন লোকজন নিয়ে আকস্মিক হামলা চালিয়ে ওই জমি দখল করেন।
ফখর উদ্দিন জানান, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই জমিতে তাঁদেরও মালিকানা রয়েছে।
এ ব্যাপারে রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম বলেন, ওই জমি নিয়ে মামলা থাকার পরও বিবাদী ফখর উদ্দিনের তা দখল করা দুঃখজনক।
রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রেজা মাহমুদ আলফু বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।