রামগঞ্জে ভিজিএফের চাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভিজিএফ বরাদ্দের চাল বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় ভাদুর ইউপি চেয়ারম্যান লকিয়ত উল্যাসহ সাতজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ইউপি চেয়ারম্যান লকিয়ত উল্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিক ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে প্রতিজনকে ১০ কেজি করে ইউনিয়নের এক হাজার ৬৮ জনের মধ্যে ভিজিএফ বরাদ্দের ১১ হাজার ৬৮০ কেজি চাল বিতরণ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় আবদুর রহিম ও মো. জাহাঙ্গীরসহ সাত-আটজন চাল না পাওয়া এলাকাবাসী ভিজিএফ বরাদ্দের তালিকা নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে বাগিবতণ্ডা করেন। একপর্যায়ে তাঁরা চেয়ারম্যানের ওপর হামলা চালান। এ সময় চেয়ারম্যানের লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।আহত অন্যরা হলেন গ্রাম পুলিশ সিরাজ মিয়া, সাবেক ইউপি সদস্য রোকেয়া বেগম, ইউপি সদস্য রুহুল আমিন, ফজলুল হক, স্থানীয় মহরম আলী ও মো. হারুন।ভাদুর ইউনিয়ন পরিষদের সচিব শহীদ উল্যা জানান, চাল লুটে বাধা দেওয়ায় কেতুড়ী গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল ও রহিমের নেতৃত্বে তাঁর লোকজন চেয়ারম্যানের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা কয়েক মন চাল লুুট করে নিয়ে যান।আবদুর রহিম বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা দুস্থ ও গরিবদের ভিজিএফ বরাদ্দের তালিকায় না রেখে নিজের পছন্দের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। বিষয়টি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তাঁর লোকজন আমাদের ওপর হামলা করেন। এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মঞ্জুরুল হক আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন।