রামগঞ্জে ভোট ডাকাতির অভিযোগ বিএনপির
লক্ষ্মীপুর পৌরসভার মতো রামগঞ্জেও একই কায়দায় ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। তাই এই পৌরসভার নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রামগঞ্জের ১২টি কেন্দ্রের সব কটিতেই বিএনপি-সমর্থিত প্রার্থী রোমান হোসেন পাটোয়ারির এজেন্টদের বের করে দেওয়া হয়। প্রতিটি ভোটকেন্দ্রেই আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলররা বুথ নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের এবং আওয়ামী লীগের সমর্থক মেয়র বেলাল আহমেদের পক্ষে ভোট দেন। এ নিয়ে পশ্চিম কাজীরখির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাইরে থেকে ব্যালট এনে বাক্সে ফেলার ঘটনা ঘটে। বাহাদুর ইউনিয়নের বাইরের ভোটররা এসে আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থক প্রার্থীর পক্ষে ভোট দেন। একই ঘটনা ঘটেছে দরবেশপুর কেন্দ্রেও। রোমান হোসেন পাটোয়ারি প্রথম আলোকে বলেন, ‘এখানে ভোট ডাকাতি হয়েছে। এই নির্বাচন বাতিল করতে হবে।’ ওই এলাকার সাংসদ নাজিমউদ্দিন আহমেদ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘লক্ষ্মীপুরের মতোই ভোট ডাকাতি হয়েছে রামগঞ্জে।’ তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মাসুদ আলম সিদ্দিকি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি নিজে প্রতিটি কেন্দ্রে গিয়েছি। বিএনপি যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন।’