রামগঞ্জে মাদ্রাসার ভবন ধসে ৫ শিক্ষার্থী আহত
লক্ষ্মীপুরের রামগঞ্জ রাব্বানীয়া মাদ্রাসার ভবনের ছাদের একাংশ ধসে পড়ে গতকাল বৃহস্পতিবার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলো খাদিজা আক্তার, আকবর হোসেন, গোলাম রহমান, তানিয়া আক্তার ও সুলতানা আক্তার।
মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম মোস্তাক আহমঞ্চদ বলেন, সকাল নয়টায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশের সময় ছাদের অংশবিশেষ ধসে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। এ সময় শিক্ষার্থীদের দ্রুত নিরাপদে নেওয়া হয়। আহত শিক্ষার্থীদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়।
সূত্র জানায়, শিক্ষা অধিদপ্তর ২০০৬ সালে রামগঞ্জ রাব্বানীয়া মাদ্রাসার ভবন পরিত্যক্ত ঘোষণা করে। এরপর ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, খোলা আকাশের নিচে ও গাছতলায় শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল।
প্রতিষ্ঠান সূত্র জানায়, কয়েক দিন ধরে টানা বর্ষণের কারণে খোলা আকাশের নিচে পাঠদান করা সম্ভব হচ্ছিল না। তাই পরিত্যক্ত ভবনে পাঠদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. আকবর হোসেন বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় ওই ভবনে পাঠদান করাতে হয়।