রামগঞ্জে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষ, গুলি আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৩টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষ চলাকালে ১০টি দোকান ভাঙচুর করা হয়।
আহত ব্যক্তিরা হলেন, রামগঞ্জ পৌর ছাত্রলীগের সহ সভাপতি মানিক ও কর্মী মাহামুদুর রহমান পান্না, নাজিম, মোরশেদ আলম, পৌর ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক সৌরভ, কর্মী সোহেল, বাবলু, সাইফুল ইসলাম, সাগর, তৌহিদ, রহিম, মিজান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখায়েত হোসেন রাজুু, কর্মী রাশেদ। তাদের মধ্যে মানিক ও পান্নাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজ ক্যাম্পাসের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার দুপুরে কলেজে ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলামকে আরেক পক্ষের কর্মী ফয়সাল মালের সমর্থকেরা মারধর করেন। এ ঘটনার জের ধরে গতকাল বেলা ১১টার দিকে ফয়সাল ও সাইফুলের সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় কলেজের সামনে উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেনের ভাই তৌহিদকে মারধর করেন ফয়সালের সমর্থকেরা।
কিছুক্ষণ পর এমরানের নেতৃত্বে যুবলীগের কর্মীরা শহরের চৌরাস্তা এলাকায় পৌর ছাত্রলীগের কর্মী মাহামুদুর রহমান ও মোরশেদ আলমকে কুপিয়ে জখম করেন। এ নিয়ে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। এ সময় যুবলীগের পক্ষে নন্দনপুর-সাতারপাড়া ও ছাত্রলীগের পক্ষে সোনাপুর গ্রামের বাসিন্দারাও যোগ দেন। এ সময় উভয় পক্ষে গুলি বিনিময় হয়। সংঘর্ষ চলাকালে ১০টি দোকান ভাঙচুর করা হয়।
রামগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখায়েত হোসেন দাবি করেন, ছাত্রদল-শিবিরের নেতা-কর্মীরা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে পিটিয়ে আহত করেন। পরে উপজেলা যুবলীগের নেতা এমরান ও সাইফুলের নেতৃত্বে বিএনপি-জামায়াতের লোকজন শহরের সাতারপাড়া-নন্দনপুরের পক্ষ নিয়ে সোনাপুর এলাকাবাসীর ওপর অতর্কিতে হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর করেন।
উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন অভিযোগ করেন, ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী নন্দনপুর ও সাতারপাড়ার বাসিন্দাদের ওপর হামলা চালান। এ খবর শুনে এলাকাবাসী একত্র হয়ে তাঁদের ধাওয়া দেন। পরে তাঁরা এলাকাবাসীর কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট চালান।
রামগঞ্জ থানার ওসি এ কে এম মনজুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।