রামগঞ্জে যুবলীগ নেতা গুলিবিদ্ধ, আটক ২
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি বশির আহম্মেদকে (৩৬) গত রোববার রাতে গুলি করেছে দুর্বৃত্তরা৷ গুরুতর অবস্থায় তাঁকে গতকাল সোমবার ঢাকায় নেওয়া হয়েছে৷ এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ৷
এর জের ধরে গতকাল স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা রামগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম সড়কে গাছ কেটে ও টায়ারে আগুন দিয়ে যান চলাচল বন্ধ করে দেন৷ তাঁরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন৷
রামগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান জানান, বশির আহম্মেদ রাতে রামগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বািড় ভোলাকোটের আথাকরা যাচ্ছিলেন৷ পথে হানুবাইশ সেতুর কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে৷ একটি গুলি পেটে লাগলে বশির রাস্তায় পড়ে যান৷ তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যায়৷ তারা বশিরকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷
বশিরের স্বজনেরা জানান, অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে কুমিল্লা হাসপাতালে নেওয়া হয়৷ গতকাল তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷
স্থানীয় সূত্র জানায়, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই ঘটনাস্থল থেকে নাঈম হোসেন (২২) নামের এক যুবককে স্থানীয় লোকজন আটক করে৷ পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়৷ গতকাল উপজেলার কালিকাপুর গ্রাম থেকে মো. সোহেল নামের অপর এক যুবককে আটক করে পুলিশ৷
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন চিকিৎসকদের বরাত দিয়ে জানান, বশিরের শরীরে একটি গুলি লেগেছে৷ তিনি আরও জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে৷ মামলার প্রস্তুতি চলছে৷