রামগঞ্জে যুবলীগের নেতাকে হত্যার অভিযোগে মামলা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলকোট ইউনিয়ন যুবলীগের নেতা মো. রাসেলকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর মা ফাতেমা বেগম রামগঞ্জ থানায় মামলাটি করেন। পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ থাকার পর তাঁর লাশ উদ্ধার করা হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে রামগঞ্জ থানার একদল পুলিশ দেবনগর ও ভোলকোটে টহল দেওয়ার সময় রাসেলের (২৪) গতিরোধ করে। এ সময় রাসেল মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যান। এরপর তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পাঁচ দিন পর গত সোমবার সকালে দেবনগর গ্রামের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মামলার বাদী রাসেলের মা ফাতেমা বেগম বলেন, ‘অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে আমি হত্যা মামলা করেছি। পুলিশ তদন্ত করে হত্যার মূল রহস্য উদ্ঘাটন করবে।’ যদি ঘটনার সঙ্গে পুলিশ জড়িত থাকে, তাদের আসামি করে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। তবে লাশ উদ্ধারের পর রাসেলের বড় বোন লিলু বেগম অভিযোগ করেছিলেন, পুলিশের ধাওয়ার কারণেই তাঁর ভাই ডোবায় পড়ে মারা যান।
পরিবারের অভিযোগ, রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দেবনগর ও ভোলকোটে টহল দেওয়ার সময় রাসেলের গতিরোধ করে। এ সময় রাসেলকে পুলিশ ধাওয়া করে। পরদিন দেবনগর গ্রামের মাঠে রাসেলের জামাকাপড় পাওয়া যায়। নিখোঁজের ঘটনায় গত রোববার রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, রাসেলের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।