রামগঞ্জে রেস্তোরাঁয় ছাত্রলীগের হামলা, কর্মীদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় খাবার দিতে দেরি হওয়ায় গত শুক্রবার রাত আটটার দিকে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছেন। এ সময় বাধা দিতে গিয়ে রেস্তোরাঁকর্মীসহ ছয়জন গুরুতর আহত হন। আহত রেস্তোরাঁকর্মী আবুল হাসেম (৪০), আকবর (৩০) ও হাসেমকে (৪৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার নন্দনপুর ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীরা কর্মিসভা শেষে শুক্রবার বিকেলে কাজী অনাবাসিক হোটেলে খেতে আসেন। এ সময় খাবার দিতে দেরি হওয়ায় তাঁদের সঙ্গে সেখানকার কর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মী দীপুর নেতৃত্বে কয়েকজন সেখানকার আসবাব ভাঙচুর করতে থাকেন। উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন এমু এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘ছোট ভাইয়েরা অপরাধ করছে। মালিকের সাথে আলাপ করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’রেস্তোরাঁর মালিক ইব্রাহিম কাজী বলেন, হামলায় তাঁর কর্মীরা আহত হয়েছেন এবং তিনি নিজেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ামাত্রই তিনি পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।