রামগঞ্জে শহীদ মিনারে বিএনপির সাংসদ লাঞ্ছিত, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপিদলীয় সাংসদ নাজিম উদ্দিন আহাম্মেদকে গতকাল সোমবার ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঞ্ছিত করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গেলে তিনি লাঞ্ছনার শিকার হন। এ সময় হামলায় বিএনপির আরও নয় নেতা-কর্মীও আহত হন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার (একুশের প্রথম প্রহরে) দিবাগত রাত ১২টা এক মিনিটে রামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নাজিম উদ্দিন আহাম্মেদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুল নিয়ে গেলে ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছু, ছাত্রলীগের নেতা ইরান ও কামরুলের নেতৃত্বে সংগঠনের কর্মীরা বিএনপির নেতাদের ওপর ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে অতর্কিত হামলা চালান। এতে সাংসদ নাজিম উদ্দিন আহাম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বদরুদৌজা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দৌলা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোরশেদ আলম, ৯ নম্বর ভোলাকোর্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ওহায়েদ মোল্লাসহ ১০ জন আহত হন। আহত নেতা-কর্মীদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাংসদ নাজিম উদ্দিন আহাম্মেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের ক্যাডাররা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ আমার ১০ জন নেতা-কর্মী জখম হন। স্থানীয় প্রশাসন ও পুলিশের সামনে এমন ন্যক্কারজনক হামলা হলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। এ ঘটনায় আমি মামলা করব।’রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বলেন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় পুলিশ তৎ পর ছিল।উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন দাবি করেছেন, এ হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়।