রামগঞ্জে শিক্ষক হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক অহিদুর রহমান ওরফে অভির (৩৭) হত্যাকারীদের বিচারের দাবিতে আবারও মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনের বাইপাস সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও পানপাড়া উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা অংশ নেয়। এ সময় শিক্ষক অহিদুর রহমানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন তাঁরা। এর আগে ৭ মার্চ ও ২৬ ফেব্রুয়ারি শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষক অহিদুর রহমান গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় ঢাকার রায়েরবাগের তাঁর বড় ভাইয়ের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ২১ ফেব্রুয়ারি সকালে কুমিল্লার চান্দিনায় কাঠেরপুল এলাকার একটি বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন লাশটি বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়। খবর পেয়ে স্বজনেরা কুমিল্লার চান্দিনা থানায় গিয়ে ছবি দেখে লাশটি অহিদুরের ছিল বলে শনাক্ত করে।
নিহতের ভাই আনোয়ার হোসেন বলেন, অহিদুরকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অহিদুরের ব্যবসায়িক অংশীদার তবারক হোসেনের স্ত্রী লাকি আক্তার, গাড়িচালক মুকবুল হোসেন ও শ্যামলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর তবারক দুবাইতে পালিয়ে যান।
রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, অহিদুরকে অপহরণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় কুমিল্লার চান্দিনা থানায় মামলা হয়েছে।