রামগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ছিরন্দী বাজারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক মারা গেছেন এবং একজন অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাঁরা মারা যান।মারা যাওয়া দুই শ্রমিক হচ্ছেন দরবেশপুর গ্রামের শামছুল হকের ছেলে আবুল কালাম (৩০) ও ভাদুর গ্রামের নজির আহম্মদের ছেলে নূর আলম (২৬)। অসুস্থ হওয়া শ্রমিক হচ্ছেন আলীপুর গ্রামের এসকান্দারের ছেলে ইব্রাহিম (২২)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কালাম, নূর আলম ও ইব্রাহিম ছিরন্দী বাজারের মনির হোসেনের মার্কেটের শৌচাগারের সেপটিক ট্যাংকে নামেন। ট্যাংকে নামার পর তাঁরা তিনজন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। এ সময় ঘটনাস্থলেই কালাম ও নূর আলম মারা যান।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।