রামগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম শেখপুরা গ্রামের পাঁচকড়ি ফকির বাড়িতে গতকাল শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে মৃত সুলতান আলীর ছেলে মনির হোসেন (৩২) তাঁর স্ত্রী কুলসুম আক্তারকে (২৫) শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ স্বামী মনির হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায়। কুলসুম আক্তারের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিতা নুরুজ্জামান অভিযোগ করে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত মনির হোসেন আমার মেয়েকে নির্যাতন করত। নাতি আকাশের (৫) সামনে গতকাল সকালে মেয়েকে নির্মমভাবে প্রহার করার পর শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালায়।’স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম আ. করিম খান বলেন, নিহতের ছেলে আকাশের স্বীকারোক্তিতে গ্রামবাসী মনির হোসেনকে খলিফা দরজা নামক স্থান থেকে আটক রেখে থানার পুলিশকে খবর দেয়। মনির হোসেন বলেন, ‘গতকাল সকালে আমার সঙ্গে ঝগড়া করে কুলসুম আক্তার আত্মহত্যা করে।’রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মন্জুরুল হক বলেন, নুরুজ্জামানের দায়ের করা মামলায় আটক মনির হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।