রামগঞ্জে হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। উপজেলার পূর্ব মাছিমপুর গ্রামে গত শনিবার দিবাগত রাতে আবদুল মান্নান, রিপন হোসেন, বিল্লাল হোসেন ও মফিজ উল্যা নামের চার ব্যক্তির বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।ওই চার ব্যক্তি একটি হত্যা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে তাঁরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। খুন হওয়া ব্যক্তির পরিবারের অভিযোগ, তাঁদের ফাঁসানোর উদ্দেশ্যে ওই আসামিরা নিজেদের ঘরে আগুন দেয়।স্থানীয় সূত্র জানায়, পূর্ব মাছিমপুর গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা শনিবার রাতে চারটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের বিভিন্ন জিনিসপত্র ও আসবাব পুড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামজুড়ে আতঙ্ক দেখা দেয়। খুন হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরাও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন। পুলিশ সূত্র জানায়, পূর্ব মাছিমপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৩ এপ্রিল খুন হন সেকান্তর আলী। এ ঘটনায় নিহতের ছেলে মো. ইউসুফ হোসেন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সালেহা বেগম ও সেতারা বেগমকে গ্রেপ্তার করা হয়। অপর আসামিরা পলাতক।মামলার বাদী ইউছুফ হোসেন মুঠোফোনে বলেন, ‘মামলা প্রত্যাহারের জন্য সন্ত্রাসীরা আমাকে হুমকি দিচ্ছে। আমাদের বিরুদ্ধে পাল্টা মামলা করার উদ্দেশ্যে তারা নিজেদের ঘরে আগুন দিয়েছে। তাই আমরা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপন করেছি।’অপরদিকে, হত্যা মামলার প্রধান আসামি আবদুল মান্নান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাই। এ সুযোগে সেকান্তর আলীর ছেলেরা আমাদের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।’ রামগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক বলেন, ঘরে অগ্নিসংযোগের ঘটনাটি রহস্যজনক। পুলিশ গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।