রামগঞ্জে ১৪ দিন লোকাল বাস চলাচল বন্ধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৌমুহনী-সোনাপুর সড়কের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা অংশে ১৪ দিন ধরে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। এতে উপজেলার কয়েক হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সড়কের রামগঞ্জের ১৩ কিলোমিটার অংশে জননী পরিবহনের ৩০টি বাস চলাচল করে। ১৩ আগস্ট  যুবলীগের নেতা-কর্মীরা পাঁচটি বাস ভাঙচুর করেন। এই ঘটনার প্রতিবাদে ও বাস ভাঙচুরের ঘটনায় জড়িত যুবলীগের নেতা-কর্মীদের বিচারের দাবিতে বাস মালিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন।

তিনজন বাস মালিক বলেন, ১৩ আগস্ট রামগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশ ও থানা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার ইউনিয়নগুলো থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমাবেশে আসার জন্য জননী সার্ভিসের নয়টি বাস দিতে বলা হয়। যথাসময়ে আটটি বাস দেওয়া হলেও যান্ত্রিক ত্রুটির কারণে একটি বাস কম দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে যুবলীগের নেতা-কর্মীরা বাস টার্মিনাল ও বালুয়া চৌমুহনী এলাকায় ওই দিন জননী পরিবহনের পাঁচটি বাসের সামনের ও দুপাশের গ্লাস ভাঙচুর করেন। পরে ওই দিন বিকেল থেকে রামগঞ্জের অংশে বাস চলাচল বন্ধ করে দেন মালিক সমিতির নেতারা। বাসগুলো নোয়াখালীর চাটখিল থেকে চৌমুহনী-সোনাপুর সড়কে চলাচল করত।

রামগঞ্জ উপজেলার বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, জননী পরিবহনের বাস চলাচল না করায় অটোরিকশায় দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। অনেক সময় অটোরিকশাও পাওয়া যায় না। এতে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তবে বাস ভাঙচুর করার অভিযোগ অস্বীকার করে রামগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক মামুনুর রশিদ বলেন, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে স্টাফরা বাস ভাঙচুর করেছেন। যুবলীগের কেউ এগুলো ভাঙচুর করেননি।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, বিষয়টি সুরাহার জন্য বাস মালিকদের সঙ্গে আলোচনা চলছে। আর ভাঙচুরের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।