লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রকাশকের কাছ থেকে টাকা নিয়ে অনুমোদনহীন ইংরেজি ও বাংলা ব্যাকরণ বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ দুটি বই বেশি দামে কিনতে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বাংলা ও ইংরেজি ব্যাকরণসহ সহপাঠ বই সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ের জন্য পাঠ্য তালিকাভুক্ত করে। এসব বই বছরের শুরুতে বিনা মূল্যে শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। নিয়মানুযায়ী, অন্য কোনো বই বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যাবে না। সরকারি বই থাকা সত্ত্বেও রামগঞ্জের ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা চারটি প্রকাশনীর ব্যাকরণ ও গ্রামার বই পাঠ্য তালিকাভুক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই প্রকাশনীগুলোর বই চড়া দামে কিনতে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে। আর এতে পকেট ভারী হচ্ছে প্রকাশকদের।নাম প্রকাশ না করার শর্তে একজন বই ব্যবসায়ী জানান, কয়েকটি প্রকাশনীর ব্যাকরণ ও গ্রামার বই পাঠ্য তালিকাভুক্ত করতে বিদ্যালয়ের শিক্ষকদের ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। হুমায়ুন কবির ও ওমর ফারুক নামের দুই অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষকেরা প্রকাশকের কাছ থেকে টাকা নিয়ে অননুমোদিত বই পাঠ্য তালিকাভুক্ত করছেন। আমরা চড়া দামে সেসব বই কিনতে বাধ্য হচ্ছি। অসহায় ও দরিদ্র ছাত্রছাত্রীদের কথা তাঁরা একবারও ভাবেননি।’ কাঞ্চনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামগঞ্জ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জানান, তাঁর বিদ্যালয়ে পপি প্রকাশনীর বই পাঠ্য করা হয়েছে। এতে বিদ্যালয়ের উন্নয়নকাজের জন্য প্রকাশনীটির কাছ থেকে কিছু অনুদান নেওয়া হয়েছে।শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক দিলীপ পাল বলেন, ‘আমার এখানে পপি প্রকাশনীর বই তালিকাভুক্ত করা হয়েছে। এ বইয়ের মান ভালো দেখে শিক্ষার্থীদের স্বার্থেই তালিকাভুক্ত করা হয়।’ ছাউদের খীল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন একই প্রকাশনীর বই তালিকাভুক্তির কথা স্বীকার করে বলেন, ‘ছাত্রছাত্রীদের তো পড়তে হবে। তাদের স্বার্থেই ভালো মানের বই তালিকাভুক্ত করি। তবে বিদ্যালয়ের উন্নয়নের জন্য কিছু অনুদান নেওয়া হয়েছে।’ বইয়ের দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এনসিটিবির সপ্তম শ্রেণীর ব্যাকরণ ও গ্রামারের দাম যথাক্রমে ৩৪ ও ৩০ টাকা। কিন্তু পপি প্রকাশনীর ব্যাকরণের দাম ২৪৫ ও গ্রামারের দাম ২৯৫ টাকা। রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাকী বিল্লাহ বলেন, ‘সরকার-নির্ধারিত বই ছাড়া কোনো বই পাঠ্য না করতে আমরা কয়েকবার প্রধান শিক্ষকদের সতর্ক করেছি। এর পরও বিদ্যালয়গুলো অনুদান নিয়ে কোনো বই পাঠ্য করেছে কি না, তা আমরা অবহিত নই। অনুদান বা উন্নয়নের জন্য কোনো অর্থ নিয়ে বই পাঠ্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’