রামগড়ে পাহাড়ি বাঙালি সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আদিবাসী গ্রামে সংঘটিত সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের তৈচাকমা এলাকায় গতকাল সোমবার বেলা ১১টায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এ সময় তৈচাকমায় এক বাঙালিকে মারধর করে তাঁর মোটরসাইকেলে আগুন দেন কতিপয় পাহাড়ি পিকেটার। এ ঘটনায় বিক্ষুব্ধ বাঙালিরা একজোট হয়ে আমেন্দ্র ত্রিপুরার (৩০) দোকানে হামলা চালান এবং তাঁকে মারধর করে পাশের উপজেলা মানিকছড়ি উঠিয়ে নিয়ে যান। পরে অবশ্য থানার পুলিশ উপজেলার বাটনা এলাকা থেকে তাঁকে উদ্ধার করে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে তৈচাকমায় পুলিশ ও সেনাসদস্যদের টহল জোরদার করা হয়েছে।