রামগতি উপজেলা পরিষদ কার্যালয় অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রোববার সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের প্রধান সড়কে মানববন্ধন করা হয়েছে। পরে হাজার হাজার মানুষ উপজেলা পরিষদ কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সর্বদলীয় ছাত্রপরিষদ বেলা ১১টার থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধনের আয়োজন করে। সেখানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েক হাজার মানুষ যোগ দেয়।পরে উপজেলা পরিষদ কার্যালয় অবরোধ করে সেখানে সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের, পৌর বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জামায়াতের পৌর শহর সভাপতি হাফেজ মাইনউদ্দিন, আসলপাড়া নদীভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক আবদুল হক এবং সর্বদলীয় ছাত্রপরিষদের আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ প্রমুখ।বক্তারা বলেন, মেঘনা নদীর এ ভয়াবহ ভাঙন থেকে রামগতিকে রক্ষা করতে সরকার কোনো উদ্যোগ নেয়নি। তাঁরা ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিন প্রথম আলোকে বলেন, মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে উপজেলা সর্বদলীয় ছাত্রপরিষদ মানববন্ধন করার অনুমতি নেয়। কিন্তু উপজেলা পরিষদের কার্যালয় অবরুদ্ধ করে সমাবেশ করা হয়। এতে কার্যালয়ের কার্যক্রম বিঘ্নিত হয়।সর্বদলীয় ছাত্রপরিষদের আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ বলেন, মানববন্ধনে অংশ নেওয়ার জন্য স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। কিন্তু সকাল সাতটা থেকে বিভিন্ন এলাকার শত শত মানুষ মিছিল নিয়ে উপজেলা সদরে উপস্থিত হয়। একপর্যায়ে তা বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়।উপজেলার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা সদর এলাকা, উপজেলা পরিষদ কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ চারটি ইউনিয়ন মেঘনা নদীর ভাঙনের মুখে পড়েছে।