রামগতি ও কমলনগরে ঝড়ে সাতটি ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় গতকাল শুক্রবার সকালে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে সাতটি ট্রলার ডুবে গেছে। ওই সময় টিনশেডের দুটি মসজিদসহ অন্তত ২৫টি বসতঘর ধসে পড়েছে। বজ্রপাতে আহত হয়েছেন এক ব্যক্তি।কমলনগরের চর কালকিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মেহেদী হাসান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক ঝড়ে তাঁর এলাকার ১০টি বসতঘর বিধ্বস্ত হয়। এ ছাড়া চর সামছুদ্দিনের কাছে মেঘনা নদীতে মালবোঝাই একটি বলগেট ট্রলার, ড্রেজারসহ বালু উত্তোলনের একটি ট্রলার এবং দুটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া বলগেট ট্রলার এমবি মা-বাবার দোয়ার চালক মো. এছাক মাঝি বলেন, বরিশালের মুলাদী উপজেলার খেজুরতলা এলাকার কাজী ব্রিকস থেকে ২৫ হাজার ইট বোঝাই করে তাঁরা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ যাচ্ছিলেন। পথে কমলনগরের চর সামছুদ্দিনের কাছে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে তাঁদের ট্রলার ডুবে যায়। স্থানীয় জেলেরা তাঁদের চারজন মাঝিমাল্লাকে উদ্ধার করেন।এদিকে রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউপির চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন বলেন, ঝড়ে তাঁর এলাকার চর গজারিয়া ও তেলির চরে দুটি টিনশেড মসজিদ, পাইলট ঘাটের একটি ঘর এবং চর গজারিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ৭ নম্বর ব্যারাকসহ ১৫টি বসতঘর ধসে পড়েছে। বজ্রপাতে মো. নীরব নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া মেঘনা নদীতে মাছ ধরার দুটি ট্রলারসহ তিনটি ট্রলার ভেঙে ডুবে গেছে। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।