রামগতি ও কমলনগরে ১৮ জনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে গতকাল সোমবার লক্ষ্মীপুরের কমলনগরে দুই ট্রলারমালিক ও ১৩ জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গত রোববার সন্ধ্যায় রামগতিতে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কমলনগরের ট্রলারমালিক মো. জসিম উদ্দিন ও মো. মান্নান এবং জেলে নীরব হোসেন, খোকন মিয়া, আব্বাস উদ্দিন, আবদুল মালেক, জহির উদ্দিন, বাহার উদ্দিন, আবদুল মমিন, মিরাজ উদ্দিন, মো. মফিজ, মো. শামিম ও আহাম্মদ উল্যাহ। অর্থদণ্ডপ্রাপ্ত দুই জেলের পরিচয় জানা যায়নি।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রামগতি উপজেলার চরআলগী এলাকার মো. ছিদ্দিক ও মো. রুহুল আমিন এবং চর আবদুল্লাহ এলাকার আবুল কালাম।
কমলনগরের জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, গতকাল বিকেলে মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমের চরফলকন, চরকালকিনি ও সাহেবেরহাট এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার দুটি ট্রলারসহ ১৫ জনকে আটক করা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নবিষয়ক উপজেলা টাস্কফোর্স ওই অভিযান পরিচালনা করে। পরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যায় দুই ট্রলারমালিককে ১৫ হাজার টাকা করে এবং ১৩ জেলেকে ছয় হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
জাটকা সংরক্ষণের জন্য মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে দুই মাস (মার্চ ও এপ্রিল) সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
রামগতি জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে রোববার বিকেলে মো. ছিদ্দিক, মো. রুহুল আমিন ও আবুল কালাম নামের তিন জেলে চরআলগী ইউনিয়নের উছখালি মাছঘাটের অদূরে ইলিশ অভয়াশ্রমে মাছ ধরছিলেন। নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। পরে রামগতির ইউএনও এস এম শফি কামালের ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, কারাদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তিকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।