রামগতি ও কমলনগরের ৩০ হাজার মানুষ পানিবন্দী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, চন্দ্রগ্রহণ ও পূর্ণিমার প্রভাবে দুই দিন ধরে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নিম্নাঞ্চল মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে। তিন-চার ফুট উঁচু জলোচ্ছ্বাসের কারণে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে মেঘনায় পাঁচটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে।এলাকাবাসী জানিয়েছে, ভারী বর্ষণ ও দমকা বাতাসে রামগতির তেলির চর, চর গজারিয়া এবং কমলনগর উপজেলার চর ফলকন ও সাহেবের হাট এলাকায় ৫০টিরও বেশি কাঁচা বসতঘর ধসে পড়েছে। মেঘনা নদীতে মাছ ধরার পাঁচটি ট্রলার ডুবে গেছে। তবে ডুবে যাওয়া ট্রলারের জেলেরা নিরাপদে চরে উঠে এসেছে।রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রইচ উদ্দিন মুকুল জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।