রামগতি-কমলনগরের দেড় লাখ মানুষ দুর্যোগঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় এলাকা হওয়ায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর দুর্যোগপ্রবণ এলাকা। অথচ এ দুই উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের আশ্রয় নেওয়ার মতো পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই। জোয়ার বা জলোচ্ছ্বাসে বাঁচার মতো নেই বেড়িবাঁধ। বিশেষ করে, রামগতির দুর্গম চর গজারিয়া ও তেলির চর দ্বীপের ২০ হাজার মানুষের জন্য আছে মাত্র একটি আশ্রয়কেন্দ্র। সেটি আবার দখল করে রেখেছে পুলিশ। নেই কোনো বেড়িবাঁধ।দুর্যোগে ঝুঁকিপূর্ণ থাকা ১০টি ইউনিয়ন হচ্ছে: রামগতি উপজেলার চর গাজী, বড়খেরি, চর রমিজ, চর আলগী, চর আলেকজান্ডার ও চর আবদুল্লাহ ইউনিয়ন এবং কমলনগর উপজেলার পাটারীর হাট, চর ফলকন, সাহেবের হাট ও চর কালকিনি ইউনিয়ন।সরেজমিনে ঘুরে দেখা গেছে, এসব ইউনিয়নের প্রায় ৬০ কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেঘনা নদীর ভাঙন। ইতিমধ্যে অনেক এলাকা নদীগর্ভে চলে গেছে।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সাল পর্যন্ত শুধু রামগতি উপজেলায় ১৫ হাজার একর ফসলি জমি মেঘনার ভাঙনে বিলীন হয়েছে। এতে প্রায় ১০ হাজার পরিবার বসতবাড়ি হারিয়েছে। রামগতি ও কমলনগর উপজেলায় কর্মরত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. শাজাহান জানান, দুটি উপজেলায় ৫৯/২ নম্বর পোল্ডারের পশ্চিম তীরের ৪৫ কিলোমিটার পুরোনো বেড়িবাঁধ এবং ওই পোল্ডারের সম্প্রসারিত এলাকার ২১ কিলোমিটার বেড়িবাঁধ মেঘনার ভাঙনের মুখে পড়েছে। এর মধ্যে ৪৩ কিলোমিটার বেড়িবাঁধ ইতিমধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে।রামগতি-কমলনগর উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা দলনেতা (টিম লিডার) মো. মাইন উদ্দিন জানান, সিডর, নার্গিস, বিজলি, আইলাসহ ২০০৭ সাল থেকে গত চার বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট আটটি ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ১০ জন নিহত এবং ৩৪৫ জন আহত হয়। মাইন উদ্দিন আরও জানান, দুই উপজেলার ১৭টি ইউনিয়নে ৭২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ১৬টি মাটির কিল্লায় দুর্যোগের সময় মাত্র ৩৫ হাজার মানুষ আশ্রয় নিতে পারে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০টি ইউনিয়নে ২২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র আছে, যার ধারণক্ষমতা ১২ হাজার মানুষের।রামগতি উপজেলার চর গজারিয়া ও তেলির চরে ২০ হাজার মানুষ বসবাস করছে। প্রায় ৮০ বর্গকিলোমিটার আয়তনের ওই দুটি দ্বীপচরে কোনো বেড়িবাঁধ নেই। একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র থাকলেও তাতে পুলিশ ক্যাম্প করা হয়েছে। ফলে ঝড়-জলোচ্ছ্বাসে চরবাসীর আশ্রয় নেওয়ার কোনো ব্যবস্থা নেই। চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন জানান, ঘূর্ণিঝড় আইলার সময় ওই দুটি চর সম্পূর্ণ প্লাবিত হয়। ঝড়-বন্যা শুরু হলে আশ্রয়হীন মানুষের জীবন ও সম্পদ রক্ষার কোনো ব্যবস্থা থাকে না। তেলির চরের বিবি খতিজা বলেন, ‘আইলার সময় হু হু করি পানি উডি ঘর ভাসাই লই যায়। কোলের পোলা বুকে লই ভাসা ঘর ধরি ভাসতে ভাসতে মান্দার গাছের লগে বাজি জীবন বাচাই। এরম করি খানাপিনা বাদে দুই দিন কাডাই। বেড়ি বান থাইকলে আংগো এই দশা অইতো না।’নুরন বিবি বলেন, ‘ঝড়-বন্যা গেলে রিলিপ আহে, কিন্তুক আমরা খাই লাহারের (ঢেউয়ের) বাড়ি, আর অরা (চেয়ারম্যান-মেম্বার) খায় রিলিপ। আমরা রিলিপ চাই না, বেড়িবাঁধ বানাই দেন।’পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. শাজাহান বলেন, রামগতি ও কমলনগর উপজেলার ৫৯/২ পোল্ডারের পশ্চিম তীর রক্ষায় দুই মাস আগে ৬৫০ কোটি টাকা ব্যয়ে ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্প এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস মোকাবিলায় ২৩ কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার নতুন বেড়িবাঁধ ও নয় কিলোমিটার পুরোনো বেড়িবাঁধ সংস্কারে পৃথক প্রকল্পের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ১৯টি নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রস্তাবের অগ্রগতি সম্পর্কে কিছু জানা যায়নি।