রামগতি-কমলনগরের ৪৫০টি বসতঘর বিধ্বস্ত, ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। দমকা বাতাসে নিম্নচর ও চরাঞ্চলে প্রায় ৪৫০টি কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া পাঁচ শতাধিক গাছপালা ভেঙে পড়েছে।এ সময় রামগতির দুর্গম ও বিচ্ছিন্ন চরগজারিয়া, তেলিরচরসহ কমলনগর উপজেলার চারটি ইউনিয়নে ৭২৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলনগর উপজেলায় সয়াবিন, বাদাম, মরিচসহ প্রায় ৪০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমান উল্যাহ জানান, মহাসেনের প্রভাবে উপজেলার চর গাজী, বড়খেরি, চর রমিজ, চর আলগী, চর আলেকজান্ডারসহ চর আবদুল্যাহ ইউনিয়নের চরগজারিয়া ও তেলিরচর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলনগরে চর কালকিনি, সাহেবেরহাট, চর ফলকন ও পাটারীরহাট ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল হক ফারুক রেজা জানান। এদিকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকেরা মহাসেনের প্রভাবে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালাচ্ছেন বলে রামগতি ও কমলনগর উপজেলা সিপিপির দলনেতা মো. মাইন উদ্দিন জানিয়েছেন।