রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ নেই ১২ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ৩১ শয্যার ওই হাসপাতালের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি ভর্তি হওয়া রোগী ও তাঁদের স্বজন, চিকিৎসক এবং অন্য কর্মকর্তা-কর্মচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই মেঘনা নদীর ভাঙনে খুঁটি উপড়ে পড়ে বিদ্যুতের বিতরণ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে হাসপাতালটিতে বিদ্যুৎ নেই। ফলে চিকিৎসা সরঞ্জাম এবং প্যাথলজিক্যাল কার্যক্রম চালানো যাচ্ছে না। পানির অভাবে আবাসিক চিকিৎসকসহ অন্য কর্মকর্তাদের পরিবার ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে কথা হয় সেবিকা শিবানী বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, নারী ও শিশুসহ হাসপাতালে বর্তমানে মাত্র ১৩ জন রোগী ভর্তি রয়েছেন। বিদ্যুতের অভাবে পানির সরবরাহ বন্ধ থাকায় চিকিৎসা শেষ না হতেই অনেক রোগী হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন।
ডায়রিয়ায় আক্রান্ত দুই মাসের শিশু ইশরাত জাহানের মা রিনা বেগম বলেন, পানির অভাবে রোগীর বমি ও পায়খানা পরিষ্কার করতে খুবই সমস্যা হচ্ছে। পুরুষ ওয়ার্ডের রোগী মো. অজিউল্যাহ বলেন, প্রস্রাবের সমস্যা নিয়ে চার দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁকে বারবার শৌচাগারে যেতে হয়। পানি না থাকায় দুর্গন্ধে শৌচাগারে যাওয়া যাচ্ছে না।
চিকিৎসা কর্মকর্তা আফজালুর রহমান বলেন, বিদ্যুৎ না থাকায় নিউমোনিয়া, অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের নেবুলাইজেশন (গ্যাসের মাধ্যমে ওষুধ প্রয়োগ) করা যাচ্ছে না।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতা রাব্বী বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া যাচ্ছে না।
পল্লী বিদ্যুতের রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী দিলীপ চৌধুরী বলেন, গত এপ্রিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মেঘনা নদীর ভাঙনে হাসপাতালসহ উপজেলার দক্ষিণ ও পূর্ব অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন প্রায় আট কিলোমিটার নতুন লাইন তৈরি করে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। কিন্তু হাসপাতাল এলাকায় মেঘনার ভাঙন অব্যাহত থাকায় গত ২৭ জুলাই ওই এলাকায় বিকল্প সরবরাহ লাইনের একটি খুঁটি পুনরায় নদীতে বিলীন হয়। এতে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ পুনরায় বন্ধ হয়ে যায়।
দিলীপ চৌধুরী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করে সরবরাহ লাইন সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। এতে ৩০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। নীতিমালা অনুয়ায়ী ওই ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষকে বহন করার জন্য অনুরোধ করা হয়েছে।