রামগতিকে মেঘনার ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কবল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলাকে রক্ষার দাবি জানানো হয়েছে। এই দাবিতে গতকাল বৃহস্পতিবার রামগতি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন হয়। এক ঘণ্টার মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়।জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রামগতি উপজেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে জেএসডির উপজেলা সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রামগতি উপজেলার পশ্চিম অংশের প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে চর আবদুল্লাহ, চর আলেকজান্ডার, বড়খেরি, চর গাজী, চর রমিজ ও চর আলগী ইউনিয়নের বিভিন্ন এলাকার বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট, হাটবাজারসহ ১০০ বর্গকিলোমিটার এলাকা নদীগর্ভে গেছে। তিন যুগ ধরে এই ভয়াবহ ভাঙনে উপজেলার লক্ষাধিক মানুষ ঘর হারিয়েছে।প্রায় ২০০ বছরের পুরোনো বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ি, জেলা পরিষদের ডাকবাংলো, একটি কলেজ, একটি মাদ্রাসা, দুটি উচ্চবিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ রামগতির হাটবাজার এবং রামগতি উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামগতি পৌরসভা চত্বর, উপজেলা সদরের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসসহ উপজেলা সদর আলেকজান্ডার বাজার ভাঙনের মুখে পড়েছে। এ ছাড়া উপজেলার পশ্চিম অংশে প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে পড়ায় পুরো এলাকা সিডর ও আইলার মতো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়েছে।