লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে গত শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ৫৫টি দোকান পুড়ে গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমান উল্লাহ জানান, আগুনে অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আলেকজান্ডার বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি সোনার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিনটি কাপড়ের দোকান, তিনটি মুদি দোকান, ছয়টি ওষুধের দোকান, তিনটি চালের আড়ত, পাঁচটি জুতার দোকান, দুটি টিন ও হার্ডওয়্যারের দোকান, নয়টি সোনার দোকান, তিনটি রেস্তোরাঁ এবং অ্যালুমিনিয়ামের দোকানসহ ৫৫টি দোকান পুড়ে যায়।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) তাজুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে পল্লী বিদ্যুতের চারটি খুঁটি, ৩৬৭ মিটার তার ও ১৫টি মিটার পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের রামগতি স্টেশনের কর্মকর্তা মইন উদ্দিন জানান, ৪০-৫০টি দোকান পুরোপুরি পুড়ে গেছে।