রামগতিতে অপহরণ করে শিশুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মো. সোহেল নামের এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. হোসেন নামের এক ব্যক্তিকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। হোসেনকে গতকাল সোমবার লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নজরুল ইসলামের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দির সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন প্রথম আলোকে জানান, জমি নিয়ে শত্রুতার জেরে গত শুক্রবার উপজেলার মানিকপুর গ্রাম থেকে মো. মন্তাজ উদ্দিনের ছেলে সোহেল (১৩) এবং মোসলেহ উদ্দিনের ছেলে মো. আল আমিনকে (১২) অপহরণ করা হয়। ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ দেওয়ার কথা বলে একই গ্রামের হোসেন তাঁদের অপহরণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রোববার হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। ওসি আরও বলেন, আসামি হোসেনকে রোববার সন্ধ্যায় উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল হাকিম আদালতে হোসেন স্বীকার করেন, তিনি শুক্রবার সন্ধ্যায় সোহেল ও আল আমিনকে নিয়ে চর সেবাজ এলাকায় মেঘনা নদীর নির্জন পাড়ে যান। সেখান থেকে আল আমিন কৌশলে পালিয়ে যায়। পরে সোহেলকে শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেন। হোসেনকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিশু সোহেলের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।