রামগতিতে অবৈধ দুই লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাটে গত শুক্রবার সকালে অবৈধ দুটি যাত্রীবাহী লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রামগতির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ স ম হাসান আল আমিনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।জরিমানা করা লঞ্চ দুটি হচ্ছে এম ভি ভবানীপুর-২ এবং এম ভি নিউ পারাবত। ইউএনও জানান, ভোলার দৌলতখানের মেঘনা রিভার ট্রান্সপোর্ট কোম্পানির মালিক গোলাম মাওলা আতাহার রুট পারমিট ও সময়সূচি ছাড়াই ওই দুটি লঞ্চ দিয়ে মেঘনার বিপজ্জনক এলাকার (নৌ-ডেঞ্জার জোন) আলেকজান্ডার আসলপাড়া ঘাট থেকে দৌলতখান ও চর বেতুয়া পথে অবৈধভাবে যাত্রী পারাপার করছিলেন।নাম প্রকাশ না করার শর্তে আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাটের একাধিক সূত্র জানায়, এই ঘাট থেকে ভোলার মির্জা কালু ও দৌলতখানে আরও কয়েকটি লঞ্চ রুট পারমিট এবং সময়সূচি ছাড়া চলাচল করছে। এসব লঞ্চে চরম ঝুঁকি নিয়ে যাত্রীরা পারাপার হচ্ছেন। বিপজ্জনক এলাকায় অবৈধভাবে যাত্রী পারাপার করার বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও ওই সব লঞ্চের মালিকদের কাউকে পাওয়া যায়নি।