রামগতিতে অস্ত্রসহ দুই জলদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এলাকা থেকে গত শুক্রবার গভীর রাতে আবদুর রহমান ও ওসমান গনি নামের দুই জলদস্যুকে আটক করে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ওই সময় তাদের কাছ থেকে দুটি তাজা গুলিসহ দেশে তৈরি একটি পাইপগান ও দুটি ধারালো ছেনি উদ্ধার করা হয়।স্থানীয় বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জাকির হোসেন জানান, পাঁচ-ছয়জন জলদস্যুর একটি দল সশস্ত্র অবস্থায় ডাকাতি করার জন্য যাওয়ার পথে স্থানীয় জনতা তাদের দুজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ওই এলাকায় গিয়ে উদ্ধার করা অস্ত্রশস্ত্রসহ আটক জলদস্যুদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারকৃত আবদুর রহমান দক্ষিণ টুমচর এলাকার আবদুল ওহাব সর্দারের ছেলে এবং আবদুল গনি একই এলাকার আবদুল হাসেম মাঝির ছেলে।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল মিঞা জানান, আবদুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর ও রামগতি থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তিনি জানান, শুক্রবারের ঘটনায় অস্ত্র আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।এলাকাবাসী জানান, আবদুর রহমান তার দল নিয়ে রামগতি উপজেলার দক্ষিণ-পূর্ব সীমান্তের দক্ষিণ টুমচর এলাকার সাত হাজার একর খাসজমিতে ভূমিহীন চাষিদের আবাদ করা আমন ধান থেকে চাঁদা সংগ্রহের জন্য সম্প্রতি মহড়া দিচ্ছিল। তারা ভূমিহীনদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গত ২৯ অক্টোবর রহমান বাহিনী ওই চরে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। শুক্রবার সকালে ওই চরে আবদুল মান্নানের বাড়িতে হামলা চালিয়ে আবদুল মোমেন নামের এক কৃষিশ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ওই সময় তারা মিরাজ মেস্তরী নামের এক কৃষককে বসতবাড়ি থেকে অপহরণ করে ওই চরে তাদের আস্তনায় নিয়ে আটকে রাখে। খবর পেয়ে রামগতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিরাজ মেস্তরীকে তারা ছেড়ে দেয়। পুলিশ মিরাজ মেস্তরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল মিঞা বলেন, ঘটনাস্থলে পুলিশের প্রাথমিক তদন্ত এবং মিরাজ মেস্তরীকে জিজ্ঞাসাবাদ করে অপহরণের সত্যতা পাওয়া যায়নি। তবে আবদুল মোমেনকে আহত করার ঘটনাটির প্রাথমিক সত্যতা পাওয়ায় শুক্রবার রাতে থানায় মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় আবদুর রহমান ও ওসমান গনিকেও অভিযুক্ত করা হয়েছে।