লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে আট জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার রাতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের জলদাসপাড়ার রাধা কমল জলদাস, ক্ষীরমন জলদাস, ললিত মোহন জলদাস, বিপ্লব জলদাস, অনন্ত জলদাস, সারধা জলদাস, শিপন জলদাস ও বিপ্লব কুমার জলদাস।
বড়খেরি নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, জাটকা সংরক্ষণের জন্য মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে দুই মাস (মার্চ ও এপ্রিল) সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ওই আট জেলে অভয়াশ্রমে মাছ ধরছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ইউএনও এস এম শফি কামালের ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে চার হাজার টাকা অর্থদণ্ড দেন।
ইউএনও শফি কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জাটকা সংরক্ষণ সপ্তাহ: মেঘনা ও তেঁতুলিয়া নদীর তিনটি ইলিশ অভয়াশ্রমে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ (২ থেকে ৮ মার্চ পর্যন্ত) পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার রামগতি উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অধিদপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান শেষে মেঘনা নদীতে বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা বের করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।