রামগতিতে আমনে পোকার আক্রমণ

মাজরা ও পাতা মোড়ানো পোকার আক্রমণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কয়েকটি এলাকায় রোপা আমনের খেত নষ্ট হয়ে যাচ্ছে। এসব এলাকায় ধানের পাতা মরে মাঠের পর মাঠ বিবর্ণ হয়ে গেছে। কোনো কোনো খেতে ধানের চারা দুর্বল হয়ে মরে যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, ২০-২৫ দিন ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কীটনাশক ব্যবহার করেও ফল পাওয়া যাচ্ছে না।
কৃষি বিভাগ উপজেলা, ইউনিয়ন ও ব্লক পর্যায়ে প্ল্যান্ট প্রোটেকশন স্কোয়াড গঠন করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) মো. ইউসুফ বলেন, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ এবং চলতি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে টানা বৃষ্টিপাতের কারণে উপজেলার কিছু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই সময় চর আফজল, চর রমিজ, চর মেহার, চর কলাকোপা ও বালুরচরসহ কয়েকটি এলাকায় রোপা আমন পানিতে ডুবে যায়। কয়েক দিন পর জমে থাকা পানি কমে এলে ধানগাছে মাজরা ও পাতা মোড়ানো পোকার উপদ্রব দেখা দেয়। বিশেষ করে চর আফজল, চর রমিজ ও চর মেহার এলাকায় তা মহামারি রূপ নেয়। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে প্ল্যান্ট প্রোটেকশন স্কোয়াড গঠন করে উঠান বৈঠক ও সভা করে কৃষকদের পরামর্শ সহায়তা দেওয়া হচ্ছে।
মো. ইউসুফ বলেন, এ বছর উপজেলায় ২৩ হাজার ৭০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। এর মধ্যে খোলপোড়া রোগসহ মাজরা ও পাতা মোড়ানো পোকায় আক্রান্ত হয়েছে ১২০ হেক্টর (প্রায় ৩০০ একর) জমি।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, প্রতিদিন নতুন নতুন এলাকার ধানখেত পোকার আক্রমণের শিকার হচ্ছে।
চর মেহার আদর্শ গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মো. কবির ও জসীম সর্দার বলেন, এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাঁদের দুজনের ১২ একর জমি পাতা মোড়ানো পোকার আক্রমণের শিকার হয়েছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শে এ পর্যন্ত তিন দফায় কীটনাশক ছিটিয়েও তেমন কোনো ফল পাওয়া যায়নি।
চর আফজল গ্রামের মোশারফ হোসেন, চর মেহারের নাছির উদ্দিন ও বালুর চরের নুরুজ্জামান বলেন, পোকার আক্রমণে ধানের পাতা মরে বিবর্ণ হয়ে গেছে। কোনো কোনো খেতে ধানের চারা দুর্বল হয়ে মরে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুচ ছোবহান বলেন, অধিকাংশ খেতে ধানের থোড় এসে গেছে। এ পর্যায়ে কীটনাশক প্রয়োগ করলে ধানের শিষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে ধানের থোড় আসেনি এমন আক্রান্ত জমিতে একধরনের কীটনাশক ছিটিয়ে ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
কীটনাশক ব্যবহার করেও ফল পাওয়া যাচ্ছে না—কৃষকদের এমন অভিযোগ সম্পর্কে আবদুচ ছোবহান বলেন, অনুমোদিত মাত্রায় পানি ও কীটনাশক মিশিয়ে ব্যবহার না করার কারণে এটা হতে পারে।