রামগতিতে আরও তিন জলদস্যু গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী মালপাড়া গ্রাম থেকে গতকাল রোববার আরও তিন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার সেবাগ্রামের আবদুল মতিন এবং মালপাড়ার নুরনবী ও আজাদ।সূত্র জানায়, স্থানীয় গ্রামবাসী তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান চৌধুরী জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জলদস্যু। আজাদকে জিজ্ঞাসাবাদ করে তাঁর ঘরের সামনের একটি গর্ত থেকে বস্তা দিয়ে মোড়ানো ১৪টি ধারালো ছেনি (রামদা) উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে শফিক, বেলাল, সোহরাব ও দিদার নামে অপর চার জলদস্যুকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রামগতি থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে।