রামগতিতে ইউপি সদস্যের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিউল্লাহ গতকাল সোমবার বিকেলে হামলায় আহত হয়েছেন। এ ঘটনায় তিনি দুজনকে অভিযুক্ত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে লঞ্চঘাট সড়কে মানবাধিকারবিষয়ক একটি কর্মশালা শেষে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলা হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এদিকে হামলায় আহত ইউপি সদস্য শফিউল্লাহ বলেন, তাঁর ইউনিয়নের ঠুয়ারচর এলাকার মো. আশরাফ ও এরশাদ দুই ভাই তাঁর ওপর হামলা করেন।তবে অভিযুক্ত আশরাফ ও এরশাদ পাল্টা হামলার অভিযোগ তুলে বলেন, বসতবাড়ির জমি নিয়ে তাঁদের আত্মীয় মো. চৌধুরী মাঝির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে চৌধুরী মাঝির পক্ষ নিয়ে ইউপি সদস্য শফিউল্লাহর ছেলে মো. আকবর এবং মো. আকতার তাঁদের ওপর হামলা করেন। তবে ইউপি সদস্য মো. শফিউল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে আশরাফ ও এরশাদ ইউপি সদস্য শফিউল্লাহর ওপর হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তাঁদের ভাই মফিজল ইসলাম বলেন, ইউপি সদস্য শফিউল্লাহর সহযোগিতায় তাদের ওপর বারবার হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে আশরাফ ও এরশাদ গতকাল শফিউল্লাহর ওপর হামলা করতে পারেন। রামগতি থানার উপপরিদর্শক মো. সেলিম বলেন, ইউপি সদস্য শফিউল্লাহর ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।