রামগতিতে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার
লক্ষ্মীপুর জেলা বিএনপির সহসভাপতি ও রামগতি উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরাফ উদ্দিন আজাদকে দলের সব পদ-পদবি ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ‘দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত’ থাকার অভিযোগ তার বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু স্বাক্ষরিত এক পত্রে তাঁকে ওই বহিষ্কারের কথা জানানো হয়। জানা যায়, উপজেলা ও পৌর বিএনপি গত ২৭ জুলাই শরাফ উদ্দিন আজাদের বিরুদ্ধে জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দেয়। তাতে তাঁর বিরুদ্ধে সরকারি দলের (আওয়ামী লীগের) সঙ্গে আঁতাত, উপজেলা সদরে আয়োজিত গণজাগরণ মঞ্চে বক্তব্য দেওয়া, দলের স্থানীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করা এবং বিভিন্ন সময়ে স্থানীয় দলীয় সাংসদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়।
অভিযোগ অস্বীকার করে শরাফ উদ্দিন আজাদ দাবি করেন, জেলা বিএনপির সহসভাপতিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কার করার সুযোগ নেই। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে কোনো দলীয় ফোরামে আলোচনা করা হয়নি এবং তাঁকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, দলীয় স্থানীয় সাংসদের সংগঠনবিরোধী কার্যকলাপের প্রতিবাদ করায় গঠনতন্ত্র অনুসরণ না করে উদ্দেশ্যমূলকভাবে তাঁর বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই শরাফ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থায় নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিষয়টি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।