রামগতিতে এক মাসে ৫০ ট্রলার লুট
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে গত এক মাসে জলদস্যুরা অন্তত ৫০টি মাছ ধরার ট্রলার লুট করেছে। মেঘনা নদীর চরগজারিয়া, তেলিরচর, মৌলভীরচর, চরআবদুল্লাহ, বয়ারচর, সেবাগ্রাম নয়াবাজার, গাবতলী, রঘুনাথপুর ও চররমিজ এলাকায় এসব ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলা, বরিশাল ও চাঁদপুরের বিভিন্ন এলাকার জেলেরা রামগতির বিভিন্ন ঘাটের ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়ে ধীরগতির ইঞ্জিনচালিত ছোট ছোট ট্রলার দিয়ে মেঘনা নদীতে মাছ ধরেন। বাইরের এলাকা থেকে আসা এসব ধীরগতির ছোট ট্রলার লক্ষ্য করে জলদস্যুরা হানা দেয়। ১৯ ফেব্রুয়ারি ভোরে রামগতি মাছঘাটের অদূরে বয়ারচর স্লুইস গেটের কাছে জলদস্যুরা শাহেদ মিয়ার ট্রলারে ডাকাতি করে টাকা, জাল, মাছ ও ট্রলারের বিভিন্ন জিনিসসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। তারা ট্রলারের জেলেদের মারধরও করে। এতে ইউছুফ মাঝি (৩৫), মো. হুমায়ুনসহ (৩২) সাতজন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এর আগে ১২ ফেব্রুয়ারি জলদস্যুরা মেঘনা নদীর চরগজারিয়া এলাকা থেকে ট্রলারসহ বিধু মাঝিকে জিম্মি করে দুই দিন আটকে রেখে ১৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। ১১ ফেব্রুয়ারি সকালে সেবাগ্রাম মালপাড়া এলাকা থেকে জাহাঙ্গীর মাঝির ট্রলার ডাকাতি করে মাছ, জাল ও ৩৬ হাজার টাকাসহ একটি মুঠোফোন সেট নিয়ে যায়। জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের মালপাড়া এলাকার নাছির-রিদন; চরগজারিয়ার অজিউল্লাহ; আসলপাড়ার বাছেত; চরলক্ষ্মী বয়ারচর এলাকার মফিজ-সোহরাব পৃথক দল (গ্রুপ) গঠন করে দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতি করছে। দেশি তৈরি এলজি, পাইপগান ও ধারালো দা-ছেনি নিয়ে তারা দ্রুতগতির ট্রলারে করে জেলেনৌকায় হামলা চালায়। তাদের মধ্যে নাছির, রিদন, অজিউল্লাহ ও বাছেত বিভিন্ন সময় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয় এবং জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে পুনরায় ডাকাতি শুরু করে। মেঘনা নদীতে জলদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ার কথা স্বীকার করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল মিঞা বলেন, নদী এলাকার অপরাধ নিয়ন্ত্রণ করার কথা কোস্টগার্ডের। টহল দেওয়ার জন্য প্রয়োজনীয় নৌযান না থাকায় পুলিশের পক্ষেও নদী এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে জামিনে মুক্ত হয়ে আসা চিহ্নিত জলদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের কমান্ডার রওশন জামিল বলেন, মেঘনায় জলদস্যুর তৎপরতা সম্পর্কে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নিজস্ব নৌযান না থাকলেও ভাড়া করা ট্রলার নিয়ে নদীতে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে ট্রলার ভাড়া করার সময় জলদস্যুরা কোস্টগার্ডের গতিবিধি সম্পর্কে আগেই সতর্ক হওয়ার সুযোগ পাচ্ছে। এতে করে অনেক সময় অভিযান ব্যর্থ হচ্ছে।