রামগতিতে কাউন্সিলর প্রার্থীসহ দুজনকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নুরিয়া হাজিরহাট বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুর্বৃত্তরা এক কাউন্সিলর প্রার্থীসহ দুজনকে মারধর করেছে।
আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফারুকুল ইসলাম বাবলুর সমর্থকেরা ওই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কাউন্সিলর প্রার্থী এ এইচ এম হাফেজ নোমান অভিযোগ করেন, ফারুকুল ইসলামের লোকজন গতকাল সকালে নুরিয়া হাজিরহাট বাজারে তাঁকে মারধর করেন। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
জামায়াত-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আবদুর রহিম বলেন, রাত সাড়ে আটটার দিকে নুরিয়া হাজিরহাট বাজারে তাঁর সমর্থকদের ওপর ফারুকুল ইসলামের লোকজন হামলা চালান। হামলাকারীরা ওই এলাকায় তাঁর সব পোস্টার ছিঁড়ে ফেলেন। হামলায় সালাউদ্দিন নামের তাঁর এক সমর্থক আহত হন।
সব অভিযোগ অস্বীকার করে ফারুকুল ইসলাম বলেন, হাফেজ নোমান তাঁর সমর্থকদের অশালীন ভাষায় গালাগাল করলে প্রতিবাদ করা হয়। এ সময় কোনো হামলার ঘটনা ঘটেনি। তাঁর অভিযোগ, আবদুর রহিমের পক্ষে জামায়াত-শিবিরের বহিরাগত ক্যাডাররা এলাকায় মহড়া দিচ্ছিল। ওই সময় তারা তাঁর এক সমর্থককে হুমকি দেয়। এতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।