রামগতিতে কাবিখা ও এডিপির কর্মসূচি বাস্তবায়নে অনিশ্চয়তা
লক্ষ্মীপুরের রামগতিতে এ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচি (কাবিখা) বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব উন্নয়নকাজ ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন করার বাধ্যবাধকতা থাকলেও এখন পর্যন্ত ঠিকাদার নিয়োগ ও প্রকল্প কমিটি (পিআইসি) গঠন করা হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দুটি কর্মসূচির প্রকল্প তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে পরস্পরের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। এর জের ধরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর (২০১১-১২ অর্থবছরের) এডিপির আওতায় ৫৯ লাখ টাকা এবং কাবিখা সাধারণ-১ম ও ২য় পর্যায়ের আওতায় ৪৬৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ৩০ জুনের মধ্যে এসব কাজ বাস্তবায়ন করা না হলে বরাদ্দ বাতিল হয়ে যাবে। অভিযোগ উঠেছে, কাবিখা কর্মসূচির বিভিন্ন প্রকল্প ও প্রকল্পের বরাদ্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ পরিপত্র লঙ্ঘন করে পরিবর্তন করেছেন। এ ছাড়া এডিপির আওতায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করে প্রকল্প কমিটির মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার জন্য দুই ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের চাপ সৃষ্টি করে আসছেন। অভিযোগ অস্বীকার করে বেগম রোকেয়া আজাদ প্রথম আলোকে বলেন, নীতিমালা মেনেই প্রকল্প গ্রহণ করা হয়েছে। সুতরাং তা বাস্তবায়নে কোনো সমস্যা হওয়ার কথা নয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রইচ উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের দাখিল করা কাবিখা প্রকল্পের তালিকা এবং অনুমোদিত চূড়ান্ত তালিকায় কোনো কোনো ক্ষেত্রে গরমিল রয়েছে। তবে তা সংশোধনের চেষ্টা চলছে। ইতিমধ্যে কিছু প্রকল্পের কার্যাদেশপত্র (ডিও লেটার) ছাড় করা হয়েছে। অন্যগুলো ছাড়ের চেষ্টা চলছে। উপজেলা প্রকৌশলী জি এম কামাল বলেন, উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষরে অনুমোদিত চূড়ান্ত প্রকল্প তালিকা হাতে পাওয়ার পর কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। তবে পিআইসি গঠন করা হয়নি, তাই সময়মতো প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।