রামগতিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের দক্ষিণ তেলিরচরে গত সোমবার বিবি মরিয়ম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা আবদুস সহিদ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন। লাশটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় চরগজারিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, সোমবার সকালে বাড়ির আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূর স্বামীকে বড়খেড়ি নৌ-ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বড়খেড়ি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবুল বাশার বলেন, গতকাল তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সহিদ বলেন, চার মাস আগে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মরিয়মের স্বামী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে আসছিল। কয়েক দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া চলছিল। তিনি দাবি করেন, এর জের ধরেই গত রোববার মরিয়মকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়।