রামগতিতে চার ডিলারের লাইসেন্স বাতিল
লক্ষ্মীপুরের রামগতিতে গতকাল হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যসহায়তা কর্মসূচির গম কালোবাজারে বিক্রি ও গুদামে মজুদ ঘাটতির অভিযোগে চারজন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। ওই চারজন ডিলার হলেন, চর আলগি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাইউম, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক কারিমুল মাওলা পিনু, রামগতি পৌর যুবলীগের সদস্য মো. সোয়াইব খন্দকার ও তৌহিদুল ইসলাম। এ ছাড়া বরাদ্দকৃত চাল ও গম নির্দিষ্ট সময়ে উত্তোলন না করায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও চর রমিজ ইউনিয়নের ডিলার মো. মাহে আলম এবং চর গাজি ইউনিয়নের ডিলার মো. ফেরদৌসকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আ স ম হাসান আমিন ডিলারদের লাইসেন্স বাতিল ও সতর্কতা নোটিশের ব্যাপারে প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এর আগে একই অভিযোগে চর আবদুল্লাহ ইউনিয়নের ডিলার সোয়াইব খন্দকার এবং চর আলেকজান্ডার ইউনিয়নের ডিলার তৌহিদুল ইসলামের বিরুদ্ধে রামগতি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।