রামগতিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ২৭
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে ২৭ জন আহত হয়েছেন। ওই সময় স্থানীয় চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। জানা যায়, স্থানীয় রামদয়াল আবদুল হাদী কলেজে ছাত্রলীগের কর্মী আশরাফুল, ফিরোজ, ইউসুফ ও হান্নানের সঙ্গে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শুভর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে উভয় পক্ষে সংঘর্ষ হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহে আলম রায়হান জানান, বাজারে হামলা ও সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আরমান হোসেন, সদস্য মহসিন হাওলাদার, ইউনিয়ন যুবলীগের কর্মী মো. হেলাল, ছাত্রলীগের কর্মী মো. আরিফ ও জোবায়েরসহ ১০ জন আহত হন।স্থানীয় চর আলগী ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি জয়নাল আবেদিন বলেন, ওই সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশফাক মাহমুদ, সহসভাপতি রহমত উল্লাহ আল ছানি, সাংগঠনিক সম্পাদক মন্জুর পাটোয়ারী, সহসাংগঠনিক সম্পাদক ফয়ছল সিকদার, কর্মী এমলাক হোসেন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জমির আলী, কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলামসহ ১২ জন আহত হয়েছেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা বলেন, আবদুল হাদী কলেজের কয়েকজন ছাত্রের মধ্যে সাধারণ কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষ হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জোবায়ের হোসেন বলেন, কলেজ ক্যাম্পাসে কয়েকজন ছাত্রের মধ্যে তর্ক-বিতর্ক হলে তিনিসহ শিক্ষকেরা তা মিটিয়ে দেন। ওই সময় উভয় পক্ষ কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়।