রামগতিতে জলোচ্ছ্বাসে পাঁচ শতাধিক গরু-মহিষের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন চরাঞ্চলের পাঁচ শতাধিক গরু ও মহিষ মারা গেছে। সম্প্রতি নিম্নচাপের প্রভাবে আকস্মিক জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে ও ডুবে এগুলো মারা যায়। একই কারণে কয়েক শ গরু ও মহিষ অসুস্থ হয়ে পড়েছে।চরাঞ্চলের মহিষ ও গরুর মালিকেরা জানান, জলোচ্ছ্বাসের সময় লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়ে। ওই পানি খাওয়ায় এবং ভিজে ঠান্ডা লাগায় গরু ও মহিষগুলো মারা গেছে। উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের বেশি গবাদিপশু মারা গেছে।চর আবদুল্লাহর চারণভূমির মহিষের মালিক মো. শিরাজ, নুরনবী, মোফাজ্জল হোসেন ও আবুল কাশেম জানান, তাঁদের এলাকার ৭০০ মহিষের মধ্যে ৫৬৩টি জলোচ্ছ্বাসে ভেসে গেছে। এর মধ্যে ৩৬৫টি মহিষকে বিভিন্ন এলাকা থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৬৭টি মহিষ মারা যায়। বাকি ১৩১টি মহিষ এখনো নিখোঁজ রয়েছে।চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা এবং বাথানের (গবাদিপশুর খামার) মালিক মো. নুরুল হক জানান, চর মোজাম্মেলে চারটি বাথানে ২১ জন মালিকের প্রায় দুই হাজার গরু ও মহিষ ছিল। ওই সময় প্রবল ঢেউয়ের আঘাতে ও প্রচণ্ড ঠান্ডায় ৩৬৭টি মহিষ এবং ৭৪টি গরু মারা যায়।মহিষের মালিক নুরুল হক জানান, তাঁর বাথানের আওতায় শেকু মিয়া, আশরাফ উদ্দিন, দুলাল মিয়া, জাহেদ, কালু মিয়া ও সুলতানের ৮০টি মহিষ মারা গেছে। নুরুল হক আরও জানান, জলোচ্ছ্বাসের পর দুই বছর বয়সী মহিষের বাচ্চাগুলোর পায়ের নিম্নাংশ ফুলে গিয়ে ফেটে যাচ্ছে। এ ছাড়া ছোট-বড় সব ধরনের মহিষের চামড়া ফেটে ক্ষত হচ্ছে এবং পশম উঠে যাচ্ছে। এসব আক্রান্ত মহিষ তিন-চার দিন অসুস্থ থাকার পর মারা যাচ্ছে। তিনি সেখানে চিকিৎসক পাঠিয়ে আক্রান্ত গবাদিপশুকে চিকিৎসা দেওয়ার দাবি জানান।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জলোচ্ছ্বাসে চরাঞ্চলের কিছু গবাদিপশু ভেসে গিয়ে নিখোঁজ হওয়া এবং মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সেখানে আরও কিছু গবাদিপশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দু-একদিনের মধ্যেই সেখানে চিকিৎসা দল পাঠানো হবে।