রামগতিতে জেলেদের উদ্ধার করা হরিণ জবাই করল পুলিশ!
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগজারিয়া ক্যাম্পের পুলিশ মেঘনা নদী থেকে জেলেদের উদ্ধার করা একটি হরিণ জবাই করেছে। জবাই করা হরিণের মাংস পুলিশের সদস্যরা খেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার দুপুরে উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের দুর্গম ও বিচ্ছিন্ন ঘাসিয়ার চরের অদূরে মেঘনা নদী থেকে হরিণটি উদ্ধার করা হয়। চর আবদুল্লাহ ইউনিয়নের তেলিরচরের কামাল বাজার মাছ ঘাটের জেলে আবুল কালাম মাঝি জানান, সোমবার দুপুরে নদীতে ভাসমান হরিণটি তাঁর জালে আটকা পড়ে। পরে তাঁরা হরিণটি উদ্ধার করে চরগজারিয়া ক্যাম্পের পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ থেকে হরিণটি স্রোতে ভেসে এসে থাকতে পারে।
চর গজারিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর বলেন, সোমবার বিকেলে হরিণটি পুলিশ ক্যাম্পে আনা হয়। গুরুতর অসুস্থ হরিণটির অবস্থা ছিল আশঙ্কাজনক। হরিণটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। এ ছাড়া হরিণটির একটি চোখে রক্তাক্ত জখম ছিল। স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা না থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, রাতে হরিণটির অবস্থার আরও অবনতি হয়। এ অবস্থায় দুর্গম ওই চর থেকে সেটিকে উপজেলা সদরে আনা সম্ভব হচ্ছিল না। বিষয়টি স্থানীয় বন কর্মকর্তাকে জানানো হয়। রাত আটটার পর অবস্থার আরও অবনতি হলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে হরিণটি জবাই করা হয়। তিনি বলেন, জবাই করা হরিণের মাংস স্থানীয় লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে। কিছু মাংস পুলিশের সদস্যরা খেয়ে থাকতে পারেন।
রামগতি উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, হরিণটির অবস্থা আশঙ্কাজনক বলে সন্ধ্যায় ওসি তাঁকে জানিয়েছেন। পরে তিনি বিষয়টি বন বিভাগের রামগতি রেঞ্জ সহকারী এ এস এম মহিউদ্দিন চৌধুরীকে জানান।
এ এস এম মহিউদ্দিন চৌধুরী বলেন, হরিণটিকে রাতে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়। পুলিশকে বলেছেন, মঙ্গলবার সকালে হরিণটির চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপকূলীয় বন বিভাগের নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী বলেন, যেভাবেই হোক হরিণটির চিকিৎসার ব্যবস্থা করা দরকার ছিল। কোনো অবস্থাতেই হরিণটিকে জবাই করা উচিত হয়নি।