রামগতিতে ঝড়ে কৃষক নিহত ৫০ ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ওপর দিয়ে গত শুক্রবার রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া গাছে চাপা পড়ে এক কৃষক নিহত হয়েছেন। একই সঙ্গে ঝড়ে ওই দুই উপজেলায় ৫০টি কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে এবং মেঘনা নদীতে ছয়টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।জানা যায়, ঝড়ে নিহত ওই কৃষকের নাম নুরুল ইসলাম (৬০)। তাঁর বাড়ি রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামে। ওই ইউনিয়নের ওয়াপদা বাজার থেকে শুক্রবার রাতে বাড়িতে ফেরার পথে ঝড়ে ভেঙে পড়া গাছে চাপা পড়ে তিনি নিহত হন।রামগতি মাছ ঘাটের ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন জানান, বয়ার চরের টাংকি বাজার ও রামগতি মাছ ঘাটের অদূরে মেঘনা নদীতে ৫০ জেলেসহ জসিম বেপারি, হালিম বেপারি, মিরাজ মাঝি, প্রিয়লাল জলদাস, সচীন্দ্র জলদাস ও মালন মাঝির মাছ ধরার ট্রলার ঝড়ে ডুবে যায়। এ সময় মালন মাঝির ট্রলারের জেলে জয় গোপাল জলদাস (৪৫) গুরুতর আহত হন। অপর জেলেরা সাঁতরিয়ে নিরাপদে ঘাটে ফেরেন।রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নে পাঁচটি এবং কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের পাটওয়ারীর হাট, লুধুয়া ও চর ফলকন এলাকায় ৪৫টি কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। ওই সব এলাকায় ঝড়ের আঘাতে গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে।