লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবস্থিত মেঘনা নদীর হাতিয়া চ্যানেলে মাছ ধরার তিনটি ট্রলারে ডাকাতি হয়েছে। জলদস্যুদের হামলায় পাঁচজন জেলে আহত হন। এ ছাড়া জলদস্যুরা জাল ও মাছসহ দুটি ট্রলার ছিনতাই ও দুজন জেলেকে অপহরণ করে। গত সোমবার গভীর রাতে বয়ারচরের টাংকিবাজার মাছঘাটের কাছে ওই ডাকাতি হয়। আহত জেলেরা গতকাল বুধবার ভোরে রামগতি মাছঘাটে ফিরে এসে এ খবর জানিয়েছেন। জলদস্যুদের কবলে পড়া জেলে মো. শরীফ জানান, সোমবার রাতে তাঁরা ট্রলার নিয়ে টাংকিবাজার মাছঘাটের অদূরে হাতিয়া চ্যানেলে মাছ ধরছিলেন। ওই সময় ৩০-৩৫ জনের একদল জলদস্যু বড় একটি ট্রলার নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তিনি বলেন, ওই জলদস্যুরা কুখ্যাত নিজাম বাহিনীর সদস্য বলে তাঁরা জেনেছেন। শরীফ বলেন, জলদস্যুরা দা-ছেনি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আবদুল মতিন, মো. মনজুর, শেখ ফরিদ, বাবুল মাঝি ও তাঁকে আহত করে। অপর পাঁচ জেলে আত্মরক্ষার জন্য নদীতে ঝাঁপ দেন। নদীতে ভাসতে ভাসতে তাঁরা মঙ্গলবার সকালে হাতিয়া এলাকায় একটি চরে উঠতে সক্ষম হন।শরীফ জানান, জলদস্যুরা তাঁদের ট্রলার ছাড়াও আরও দুটি মাছ ধরার ট্রলার ছিনতাই করে নিয়ে যায়। তারা আহত জেলে আবদুল মতিন, শেখ ফরিদ ও বাবুল মাঝি এবং মো. সুমন ও মো. মনজুর মাঝিকে অপহরণ করে। পরে মঙ্গলবার সকালে তারা সুমন ও মনজুরকে জিম্মি হিসেবে রেখে অন্যদের ছিনতাই করা একটি ট্রলারে তুলে দেয়। খবর পেয়ে গতকাল ভোরে ওই জেলেদের উদ্ধার করে রামগতি মাছঘাটে আনা হয়।এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের কমান্ডার মো. খোশবার আলী বলেন, ওই ঘটনায় কেউ তাঁদের কাছে কোনো অভিযোগ করেননি। অভিযোগ না করা প্রসঙ্গে জানতে চাইলে শরীফ বলেন, ট্রলার ও তাঁদের দুজন জেলে জলদস্যুদের হাতে জিম্মি আছেন। এ অবস্থায় পুলিশ ও কোস্টগার্ডের কাছে অভিযোগ করলে জিম্মি জেলেদের ক্ষতি হতে পারে। তাই তাঁরা অভিযোগ করেননি। এ ধরনের ঘটনায় সাধারণত জলদস্যুরা মুক্তিপণ নিয়ে জিম্মিদের ছেড়ে দেয় বলে তিনি জানান। তবে এখনো জলদস্যুরা তাঁদের কাছে কোনো মুক্তিপণ চায়নি।