রামগতিতে ট্রলারসহ ছয় জেলে উদ্ধার, ছয় জলদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জলদস্যুদের কাছে জিম্মি থাকা দুটি ট্রলারসহ ছয় জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার বয়ারচরের গাবতলী খাল থেকে কোস্টগার্ডের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। এ সময় ছয় জলদস্যুকে গ্রেপ্তার করা হয়।উদ্ধার করা জেলেরা হচ্ছেন: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জগবন্ধু এলাকার মো. নাজিম উদ্দিন, মো. মাইন উদ্দিন ও মো. টুটুল, নোয়াখালীর হাতিয়া উপজেলার চর মোল্লা এলাকার মো. ফারুক, শোকচর এলাকার ফয়েজ উদ্দিন ও মো. রিয়াজ উদ্দিন। রোববার রাতে মেঘনা নদীর মৌলভীর চর এলাকায় মাছ ধরার সময় ট্রলারসহ ওই জেলেদের মুক্তিপণের জন্য অপহরণ করে জলদস্যুরা।গ্রেপ্তার হওয়া জলদস্যুরা হচ্ছেন: মফিজ গ্রুপের প্রধান রামগতির দক্ষিণ টুমচর এলাকার মো. মফিজুল হক, ওই গ্রুপের সদস্য একই এলাকার মো. আরিফ, মো. নুরুল ইসলাম, বড়খেরি এলাকার মো. হান্নান, চর আফজল এলাকার মো. বাহার ও নুরুন নবী। তাঁদের গতকাল বিকেলে রামগতির বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ডের রামগতি কন্টিনজেন্টের কমান্ডার মো. খোশবার আলী বলেন, মফিজ গ্রুপটি দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতি কর আসছিল।কোস্টগার্ডের দক্ষিণ জোনের লেফটেন্যান্ট এনায়েত হোসেন বলেন, গত মে মাসে একদল জলদস্যু মেঘনা নদীতে রামগতি কন্টিনজেন্টের কোস্টগার্ডের সদস্যদের একটি টহল দলের ওপর গুলি বর্ষণ করে। তাদের গুলিতে কোস্টগার্ডের দুই সদস্য আহত হন। ওই সময় কোস্টগার্ডের একটি বন্দুক খোয়া যায়। ওই ঘটনায় মামলা হয়। গতকাল সোমবার আটক হওয়া জলদস্যু মফিজ গ্রুপের প্রধান মফিজুল হক ওই মামলার এজাহারভুক্ত আসামি।