লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য গতকাল বুধবার ভোট গ্রহণ করা হয়েছে। রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এতে ভোট দেন। প্রতিটি ইউনিয়নে ভোটার ছিলেন ২৪ জন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী জানান, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য প্রতিটি ইউনিয়নে তিনজন করে প্রার্থীর নাম কেন্দ্রে প্রস্তাব পাঠানোর নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে গতকাল রামগতির তিনটি ইউনিয়নে দলের স্থানীয় নেতাদের ভোটে প্রার্থী বাছাই করা হয়েছে।
ভোটার অপহরণের অভিযোগ
চরআলগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল খায়ের অভিযোগ করেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে তিনি দলীয় প্রার্থী বাছাইয়ে ভোট দিতে যাচ্ছিলেন। উপজেলা পরিষদ চত্বরের কাছে পৌঁছার পর চেয়ারম্যান প্রার্থী সাহেদ আলীর সমর্থকেরা তাঁদের অপহরণ করে সুফিরহাট এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রাখেন। সেখানে তাঁদের মারধর করা হয়। পরে বেলা দুইটার দিকে সেখান থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে সাহেদ আলীর সমর্থকেরা উপজেলা পরিষদ চত্বর থেকে তাঁকে অপহরণ করে সুফিরহাট এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রাখেন। সেখানে তাঁকেও মারধর করা হয়। বেলা দুইটার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
অপহরণের অভিযোগ অস্বীকার করে সাহেদ আলী বলেন, কাউকে অপহরণ করা হয়েছে কি না, তা তিনি জানেন না। তাঁকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার জন্য প্রতিপক্ষের লোকজন অপপ্রচার করছেন বলে তিনি দাবি করেন।
রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, দুজন ভোটারকে অপহরণ করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।