রামগতিতে দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ আহত, স্বামী জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচর গ্রামে শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূ ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁর স্বামী জখম হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন মো. কামাল উদ্দিন ও তাঁর স্ত্রী নার্গিস বেগম। এর মধ্যে নার্গিসকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং কামালকে গতকাল শনিবার চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।গ্রামবাসী ও পুলিশের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সিঁধ কেটে তিন-চারজন দুর্বৃত্ত কামালের ঘরে প্রবেশ করে। টের পেয়ে দুর্বৃত্তদের একজনকে ধরে ফেললে কামালকে কুপিয়ে জখম করা হয়। ওই সময় নার্গিস এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর বাঁ-হাতে ছররা গুলি ছোড়ে। গুলির শব্দে গ্রামবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিয়া বলেন, খবর পেয়ে রাতেই তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আহত কামাল ও নার্গিসকে উদ্ধার করে তাঁর গাড়িতে করে হাসপাতালে পাঠান।ওসি বলেন, হামলার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার জমিদারহাট বাজার থেকে কমলনগর উপজেলার তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।