রামগতিতে পছন্দের লোক দিয়ে বিদ্যালয়ের কমিটি!
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদের বিরুদ্ধে নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদে সমর্থক ও পছন্দের ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার এ অভিযোগের বিষয়ে আলোচনা করতে না দেওয়ার প্রতিবাদে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপজেলা পরিষদের সভা বর্জন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দৌলতুজ্জামান খান জানান, ইউপি চেয়ারম্যানরা ফিরে না আসায় আগামী ৭ মার্চ পর্যন্ত পরিষদের সভা মুলতবি করা হয়।বড়খেরি ইউপি চেয়ারম্যান মুনীর চৌধুরী বলেন, ‘উপজেলা চেয়ারম্যান নীতিমালা লঙ্ঘন করে জানুয়ারি মাসে উপজেলার ৮৯টি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনয়ন দিয়েছেন। মঙ্গলবারের সভায় এ বিষয়ে আলোচনা করতে চাইলে তিনি রাজি না হওয়ায় আমরা সভা বর্জন করি।’চেয়ারম্যানদের অভিযোগ, সরকারি ও নিবন্ধিত (রেজিস্টার্ড) বেসরকারি এবং কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন-সংক্রান্ত সরকারি নীতিমালার ২(৩) ধারায় বলা হয়েছে, বিদ্যোত্সাহী মহিলা ও পুরুষ এবং জমিদাতা সদস্যরা সংশ্লিষ্ট এলাকার বিদ্যালয়ে উপজেলা পরিষদ কর্তৃক মনোনীত হবেন। উপজেলা পরিষদ কর্তৃক মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরিষদের সভায় আলোচনার পর কার্যবিবরণীর মাধ্যমে দেওয়া মনোনয়নকে বোঝাবে।তাঁদের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ উল্লিখিত নীতিমালা না মেনে আলোচনা ও সিদ্ধান্ত ছাড়াই বিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা কমিটিতে তাঁর পছন্দের ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন দেওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন অপরাধে অভিযুক্তরাও রয়েছেন।উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কবীর হোসেন জানান, এর আগে উপজেলা চেয়ারম্যানের দপ্তর থেকে বিদ্যালয়ের বিভিন্ন সদস্যপদের জন্য তালিকা চাওয়া হয়। তাঁর অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা যে তালিকা চেয়ারম্যানের দপ্তরে পাঠিয়েছেন, এর অধিকাংশই বাদ দেওয়া হয়েছে।এ ব্যাপারে বেগম রোকেয়া আজাদ বলেন, ‘নীতিমালা লঙ্ঘন হয়ে থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে।’ পছন্দের ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, মনোনীত ব্যক্তিদের কেউ কোনো ধরনের অপরাধে অভিযুক্ত থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।