রামগতিতে পাল্টাপাল্টি হামলায় আহত ৯
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার বাজারে গতকাল রোববার দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় নয়জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদীতে জাল ফেলার জায়গার দখলকে কেন্দ্র করে রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের ও চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বাবুলের লোকজন পাল্টাপাল্টি এ হামলা চালায়।ইউপি সদস্য মো. বাবুলের ট্রলারের মাঝি মো. ফিরোজ বলেন, গতকাল বেলা দেড়টার দিকে তাঁরা চর আবদুল্লাহর অদূরে জাহাজডুবা চরের পাশে মেঘনা নদীতে মাছ ধরছিলেন। ওই সময় মাছ ধরার জায়গার দখল নেওয়ার জন্য তিনটি ট্রলার নিয়ে ৫০-৬০ জন লোক তাঁদের ওপর হামলা চালায় এবং মো. বাবুলকে কুপিয়ে জখম করে। আহত বাবুলকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবুলের লোকজন রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহে আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জহির উদ্দিন ও সাইফুদ্দিন নামের এক ব্যক্তিকে আলেকজান্ডার বাজারে পিটিয়ে আহত করে। হামলাকারীরা পশ্চিম আলেকজান্ডার গ্রামের নূর আলম ও কামালউদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা একটি শিশু ও চার নারীকে মারধর করে।আবু নাছের ও জহির উদ্দিনকে লক্ষ্মীপুর সদরের নিউ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।