লক্ষ্মীপুরের রামগতিতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কর্মসূচির আওতায় টিআর (সাধারণ) প্রকল্প নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিরোধ দেখা দিয়েছে। আর এ বিরোধের জের ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) লাঞ্ছিত ও আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় আওয়ামী লীগের অভিযোগ, প্রকল্প গ্রহণে উপজেলা পরিষদের চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ অনিয়ম ও দুর্নীতি করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম হাসান আল আমিনের কাছে অনিয়মের অভিযোগ করতে যান। এ সময় তাঁরা ইউএনও কার্যালয়ের বারান্দায় পিআইও মো. রইচ উদ্দিনকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনিয়মের সহযোগী হিসেবে অভিহিত করে তাঁকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে পিআইও রইচ উদ্দিন ইউএনওর অফিসকক্ষে আশ্রয় নেন। তখন নেতা-কর্মীরা ইউএনওর অফিসকক্ষের বাইরের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে তাঁকে সেখানে অবরুদ্ধ করে রাখেন। আধা ঘণ্টা পর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এম মেজবাহ উদ্দিন ইউএনও এবং পিআইওকে বের করে আনেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদের দাবি, উপজেলা চেয়ারম্যান বিধিবহির্ভূতভাবে নিজের পছন্দমতো টিআর প্রকল্প গ্রহণ করে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের তা তালিকাভুক্ত করতে বাধ্য করছেন।পিআইও মো. রইচ উদ্দিন বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী তাঁর দিকে তেড়ে এলে তিনি ইউএনওর অফিসকক্ষে আশ্রয় নেন। এম মেজবাহ উদ্দিন পিআইওকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার করেন।ইউএনও আ স ম হাসান আল আমিন বলেন, টিআর প্রকল্প নিয়ে আওয়ামী লীগের মধ্যে অসন্তোষ রয়েছে। তবে তিনি এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি।উপজেলা চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ বলেন, বিধি অনুসরণ করেই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই বলে তিনি দাবি করেন।